দক্ষিণ চিন সাগরে চিনকে চাপে ফেলতে বড় চাল ভারতের! মোদীর ম্যানিলা সফরে কোন সমীকরণ তৈরি হচ্ছে?
দক্ষিণ চিন সাগরে চিনের ক্রমবর্ধমান প্রভাব ও আগ্রাসন নিয়ে উদ্বেগ বাড়ছে এশিয়ার একাধিক দেশে। এই পরিস্থিতিতে সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে একজোট হওয়ার বার্তা দিতে চলেছে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলি। সেই লক্ষ্যেই তিন দিনের সফরে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। এ বারের আসিয়ান সম্মেলনের সভাপতিত্ব করছে ফিলিপিন্স।বাণিজ্য, সমুদ্র নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতাএ বারের সম্মেলনে এই তিনটি বিষয়ই বিশেষ গুরুত্ব পেতে চলেছে। ম্যানিলার উদ্দেশে রওনা হওয়ার আগে সমাজমাধ্যমে নিজের বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানান, ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অন্যতম প্রধান ভিত্তি হল আসিয়ান দেশগুলির সঙ্গে সুসম্পর্ক। ভারতের সামুদ্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রেও এই দেশগুলির গুরুত্ব অপরিসীম। আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে দুই পক্ষের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতে চান তিনি।পূর্ব এশিয়া সম্মেলন নিয়েও নিজের মত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলি নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ এই সম্মেলন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সহযোগিতা বাড়াতে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।বাণিজ্যের ক্ষেত্রে ভারত ও আসিয়ান দেশগুলির সম্পর্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ। বর্তমানে দুই পক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১২২ বিলিয়ন ডলার। তবে এই বাণিজ্যে ভারতের ঘাটতি প্রায় ৫১ বিলিয়ন ডলার। ফলে বাণিজ্যিক ভারসাম্য ফেরানো এবং দুই পক্ষের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা দ্রুত শেষ করার উপর জোর দিতে পারে নয়াদিল্লি।সমুদ্র নিরাপত্তাও এ বারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৬ সালকে আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সূত্রে দক্ষিণ চিন সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা বজায় রাখা, জলদস্যুদের দমন, অবৈধ মাছ ধরা বন্ধ করা এবং সমুদ্রপথে নজরদারি বাড়ানোর মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।পাশাপাশি মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সংকট নিয়েও আলোচনা হতে পারে। তবে কূটনৈতিক মহলের নজর সবচেয়ে বেশি দক্ষিণ চিন সাগরের পরিস্থিতির দিকে। ওই অঞ্চলে চিনের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে একাধিক দেশের। এই পরিস্থিতিতে ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে সমুদ্র নিরাপত্তা নিয়ে সহযোগিতা কতটা বাড়ে, এখন সে দিকেই নজর আন্তর্জাতিক মহলের। ম্যানিলা সম্মেলন থেকে বেজিংকে কোনও কড়া বার্তা দেওয়া হয় কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল।

